ভুলবশত গ্রেনেড বিস্ফোরণ: ২ ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৯:৩৩
 
গোলান মালভূমিতে ভুলবশত গ্রেনেড বিস্ফোরণে ইসরাইলের ২ সেনা সদস্য নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের একটি পর্যবেক্ষণ ফাঁড়ির কাছে সংঘটিত এ বিস্ফোরণে আরো ৩ সেনা আহত হয়েছেন। রবিবার সকালের দিকে মাউন্ট হারমনের পাদদেশে মাজদাল শামস এলাকায়  এ বিস্ফোরণ ঘটে।
 
একটি জিপে করে চালক ও চার সেনা যাওয়ার সময় গাড়িটিতে থাকা গ্রেনেডটি হঠাৎ বিস্ফোরণ হয়। ফলে ঘটনাস্থলেই মারা যায় চালকসহ এক সেনা। বাকি তিন সেনা সামান্য আহত হয়।
 
হুসাম থাফাস নামে ২৪ বছর বয়সী চালক পাশের একটি গ্রামের অধিবাসী। নিহত ২০ বছর বয়সী অন্য সেনা শ্লোমো রেনডেনাউ মার্কিন বংশোদ্ভূত নাগরিক। গ্রেনেড বিস্ফোরণের কারণ নিয়ে পরস্পর-বিরোধী খবর পাওয়া যাচ্ছে। ফলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায় নি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে তেল আবিব। সিরিয়া সীমান্ত থেকে টহল শেষে ফিরে আসার সময় ইসরাইলি সেনারা বিস্ফোরণের কবলে পড়ে। টাইমস অব ইসরাইল।