বগুড়ায় জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে অভিযান

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৫৮
 
জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
র‌্যাব ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানিয়েছেন, রবিবার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত চলমান অভিযানে জঙ্গি বা তাদের প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পাওয়া যায়নি। 
 
তিনি জানান, সারিয়াকান্দি উপজেলার কাজলার চর ও ধুনট উপজেলার নিমগাছিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয় এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব, বিজিবি ও পুলিশের সাড়ে ৪০০ সদস্য একযোগে অভিযান চালাচ্ছে। 
 
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, অভিযানে অনেক তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী কাজ চলছে।
 
এসময় জঙ্গিদের বিষয়ে তথ্য দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে।