চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন আইরিন’

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২৩:৪৪
চট্টগ্রাম বন্দরে গতকাল সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে বিজিবি’র প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে অপারেশন আইরিন পরিচালনা করা হয়েছে। বন্দর দিয়ে কোন ধরনের বিস্ফোরক, অস্ত্র ও মাদক যাতে সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে না পারে সে লক্ষ্যে বন্দরের জেটি ও বিভিন্ন শেডে এই চিরুনি তল্লাশি চালানো হয়। এই তল্লাশি অভিযানে সহায়তা করে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
 
কর্মকর্তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মতো বাংলাদেশেও চলছে কম্বিং অপারেশন ‘আইরিন’। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া অভিযান চলবে ২৩ জুলাই পর্যন্ত। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিমান, স্থল, নৌ বন্দরগুলোতে এ অভিযান পরিচালিত হচ্ছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) অধীনে ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ (রাইলো-এপি) এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এর আগে তিনদিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দরে গতকাল থেকে শুরু অভিযান আজ মঙ্গলবারও চলবে।
 
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গী হামলা প্রতিরোধে বিভিন্ন দেশে এই সমন্বিত অভিযান চলছে।
 
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফফার, চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান, যুগ্ম কমিশনার গিয়াস কামাল, বন্দরের টার্মিনাল ম্যানজার এনামুল করিম প্রমুখ।