নির্বাচন পরবর্তী সহিংসতা: আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৫:০৩
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার সমর্থক কর্মী আব্দুল হাই (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
এক মাস ১৮ দিন চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (১৯ জুলাই ) ভোর রাতের দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
 
নিহত আব্দুল হাই সাহেবনগর সর্দারপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
কাজীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য শরিফুল ইসলাম তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
 
শরিফুল ইসলাম জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল হাই আমার নির্বাচনী কর্মী হিসেবে কাজ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ প্রার্থী একই ওয়ার্ডে বিজয়ী মেম্বার হাবিবুর রহমান ও তার দলবল আব্দুল হাইকে মারধর করে। পরবর্তীতে পূর্ব শত্রুতার জের ধরে ১ জুন রবিবার মেম্বার হাবিবের নেতৃত্বে তার ক্যাডার আব্দুর রাজ্জাক, তৌহিদুল ইসলামসহ আরো কয়েকজন আব্দুল হাই এর ওপর হামলা চালিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। 
 
স্থানীয়রা আব্দুল হাইকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতের দিকে মারা যান তিনি।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তবে স্থানীয়রা জানান, মেম্বার হাবিবুর রহমান এর আগে এলাকার শীর্ষ সন্ত্রাসী লাল্টু বাহিনীর সদস্য ছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল। সেসব মামলায় তিনি জামিনে রয়েছেন।