গুলশান হামলা: ৪ সন্দেহভাজনের ভিডিও প্রকাশ

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:০১
 
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে তাদের পরিচয় জানতে চেয়ে সহায়তা চাওয়া হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেসবুক পৃষ্ঠায় ঐ ভিডিও ফুটেজটি প্রকাশ করা হয়।
 
পোস্টে লেখা হয়, গুলশানের হামলার সাথে জড়িত সন্দেহভাজন চারজনকে নির্ণয়। এদের পরিচয় জানা থাকলে দ্রুত র‍্যাবের যে কোনো নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে অবহিত করুন। মোবাইল: ০১৭৭৭৭২০০৫০।
 
৭৫ ও ৭৯ নম্বর সড়কে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে ১ জুলাই রাত আটটা ৪২ থেকে নয়টার মধ্যে। ঐ সময়ে চলাচলরত এক নারী ও তিন পুরুষকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া একটি গাড়িও চিহ্নিত করা হয়েছে। 
 
গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০জনকে হত্যা করা হয়। এছাড়া আরো দুই পুলিশ সদস্য নিহত হন।