জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষার্থী, এলাকাবাসী শোক র্যালি বের করেন।
এছাড়া কালো ব্যাজ ধারণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক র্যালি শেষে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারই চাচা আলতাবুর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর সার্কেলের এএসপি (সহকারী পুলিশ সুপার) মোঃ সানোয়ারুজ্জামান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন। এছাড়া নেত্রকোনার মোহনগঞ্জে তার মামার বাড়িতেও প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান সহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নেত্রকোনা শহরে হুমায়ুন স্মৃতি সংসদের উদ্যোগেও স্মরণসভার আয়োজন করা হয়।
