চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে দুটি ভাল্লুক শাবক উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৭:৪১
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে পাচার করার চেষ্টার সময়ে সেন্টমার্টিন পরিবহণের একটি যাত্রীবাহী বাস থেকে দুটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নলবিলা ফরেস্ট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা এই ভাল্লুক শাবক দুটি উদ্ধার করেন। 
 
তবে এ ঘটনায় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বনবিভাগ। নলবিলা বিটের বিট কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় ওই বাসের বক্সের ভিতর থেকে চটের বস্তা মোড়ানো অবস্থায় একটি কার্টুন থেকে দুটি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়। 
 
উদ্ধারকৃত প্রতিটি ভাল্লুকের বয়স হবে ৬ থেকে ৭ মাস এবং ওজন ৪-৫কেজি।  তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ভাল্লুক শাবক দুটি পার্বত্য এলাকার আলীকদমের গহীন অরণ্য থেকে ধরে এনে পাচারের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.নুরুল হুদা বলেন, উদ্ধারকৃত ভাল্লুক শাবক দুটি দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। এদিন বিকালে শাবক দুটি পার্কের নির্ধারিত বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।