নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক দেশটির শীর্ষ ফেরারি জঙ্গি সান্তোস নিহত হয়েছেন। ইন্দোনেশীয় কর্তৃপক্ষ এব্যাপারে ‘৯৯ ভাগ’ নিশ্চিত বলে জানিয়েছে। মঙ্গলবার দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এক বার্তায় রয়টার্সকে এ খবর জানিয়েছেন।
বার্তায় পরিচয় জানাতে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “এটা নিশ্চিত সান্তোস মারা গেছেন। এটা ৯৯ ভাগ নিশ্চিত এবং এ বিষয়ে প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।” ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে সান্তোস তার তৎপরতা চালাতেন।
যুক্তরাষ্ট্র তাকে বিশেষ ধরনের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিল। ২০১৪ সালে সান্তোস আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে। ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান এর আগে জানিয়েছিলেন, সোমবার সুলাবেসি দ্বীপে এক সংঘর্ষে সান্তোস নিহত হয়েছেন এ ব্যাপারে তিনি ‘৯০ ভাগ’ নিশ্চিত। সেন্ট্রাল সুলাবেসির পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ তার পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করছে। সূত্র: রয়টার্স
