দেশে জঙ্গিবাদ বিরোধী ঐক্য সৃষ্টি হয়েছে: গৃহায়নমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২২:০৯
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ঐক্য সৃষ্টি হয়েছে।'
 
মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে 'সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে পেশাজীবী ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
 
আইডিইবি'র সভাপতি এ কে এম এ হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যারা বাংলা ভাই সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের মুখে ঐক্যের আহ্বান মানায় না উল্লেখ করে অনুষ্ঠানে আরও বলেন, 'বিএনপি সরকারের আমলে দেশের সকল জেলায় এক যোগে ৫০০ বোমা হামলাসহ অসংখ্য সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল, যার দায় দায়িত্ব খালেদা জিয়া এড়াতে পারে না।'
 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ঐক্য সৃষ্টি হয়েছে, যার উৎকৃষ্ট প্রমাণ আজকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এ সমাবেশ। আইডিইবি বর্তমান ক্রান্তিলগ্নে জাতীয় ঐকমত সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে সকল পেশাজীবীদের পথ নির্দেশনা দিয়েছে, যা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।' খবর- বাসস।