গুলশান হামলা :সিসি ক্যামেরায় এক নারীসহ চার সন্দেহভাজন

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২৩:৩১
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে হামলার ঘটনায় এক নারীসহ চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেসবুক পৃষ্ঠায় এক মিনিট ১৯ সেকেন্ডের ওই সম্পাদিত ভিডিওতে  ওই চারজনের ছবি প্রকাশ করা হয়। ক্লোজড সার্কিট ক্যামেরার এ ভিডিওটি হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে মাত্র ১০০ মিটার দূরে। ওই সড়কে সন্দেহজনক একটি  প্রাইভেটকারও চিহ্নিত করেছে র্যাব।
 
ভিডিওতে থাকা ওই চারজন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে র্যাব। এমনকি তাদের পরিচয় জানা থাকলে দ্রুত র্যাবের যে কোনো নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে অবহিত করতে ০১৭৭৭৭২০০৫০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
ভিডিওর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার সাংবাদিকদের বলেন, জঙ্গিরা পায়ে হেঁটে এক এক করে হলি আর্টিজান বেকারিতে ঢুকেছিল। অবশ্য ভবনের এক নিরাপত্তাকর্মী এর আগে জানিয়েছিলেন, জঙ্গিরা একটি মাইক্রোবাসে করে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করেছিল।
 
ভিডিওতে দেখা যায়, ১ জুলাই রাত ৮টা ৪২ মিনিটে সাদা শার্ট ও প্যান্ট পরা এক যুবক প্রথমে রেস্টুরেন্টের আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন। তিনি বারবার সিসি ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন। ৮টা ৪৬ মিনিটে হঠাত্ করে একটি ধূসর রঙের গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে আরেক যুবক তড়িত্ গতিতে নেমে রাস্তা পার হয়ে যান। এর পরপরই কালো টি-শার্ট ও প্যান্ট পরা অন্য এক যুবক আগের যুবকের পিছু পিছু হাঁটতে থাকেন। তারা দু’জন গাছের আড়ালে দাঁড়িয়ে আলাপ শুরু করেন। আলাপ শেষে ৮টা ৫১ মিনিটে তারা দুদিকে হেঁটে চলে যান। ওই সময়ই হালকা বেগুনি রঙেরর শার্ট ও সাদা প্যান্ট পরিহিত অন্য এক যুবক টেলিফোনে কথা বলার ভান করে একই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। রাত ৯টা পর্যন্ত তৃতীয় যুবক একইভাবে টেলিফোনে কথা বলার ভান করে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। ওই সময়টুকু দ্বিতীয় যুবক গাছের আড়ালে দাঁড়িয়ে ছিলেন। এবং এ সময়ের মধ্যে সালোয়ার-কামিজ পরিহিত অন্য এক নারী ৮টা ৪৩ মিনিট থেকে ৮টা ৫৭ মিনিট পর্যন্ত ওই রাস্তা ধরেই উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলেন।
 
এ ব্যাপারে র্যাবের সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ওই চারজনের চলাফেরা থেকে তাদেরকে গুলশান হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে আরো গভীর তথ্য বেড়িয়ে আসতে পারে। ভিডিওর ওই সন্দেহভাজনদের সম্পর্কে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
 

রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ‘হলি আর্টিজান বেকারি’ রেস্টুরেন্টের ভেতরে ১ জুলাই  রাত পৌনে ৯টায় জঙ্গিরা হামলা চালিয়ে ভেতরের সবাইকে জিম্মি করে। তারা রাতেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে যৌথ অভিযানে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে মুক্ত হন ১৩ জন। ওই যৌথ অভিযানে ৬ হামলাকারীও নিহত হয়।