বরিশালে ইমাম সমিতির মানববন্ধন

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১১

বরিশাল অফিস

“বিশ্বের মুসলিম এক হও, মুসলিম নিধনে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানকে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে নামাজরত মুসল্লিদের উপর শেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসীর হামলাসহ গুলিবর্ষণ করে হত্যার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসী এবং তার গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচির আয়োজন করেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দরা। কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, মাওলানা মনিরুজ্জামান নুরানী, মাওলানা সামসুল আলম, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা নেসার উদ্দিন, মাওলানা হাসনাইন মাহমুদ সিদ্দিকী, মাওলানা আব্দুস ছালাম ফালাহি প্রমুখ।

হামলার প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি জানায়, নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে নামাজরত মুসল্লিদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ কওমি মাদ্রাসা বোর্ডের উদ্যোগে পৌরসভা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আল্লামা নূরুল ইসলাম অলিপুরীর সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা আবু সালেহ সাদীর পরিচালনায় এতে বক্তৃতা করেন মাওলানা জহুর আলী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল বসির, মাওলানা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল, মাওলানা সাইদুর রহমান, মুফতি তোফাজ্জল হক, মাওলানা জাবের আল হুদা প্রমুখ।