তুরস্কে অভ্যুত্থান চেষ্টা: ৯৯ জেনারেলের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২০ জুলাই ২০১৬, ২০:৩২
ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার জন্য ৯৯ জন জেনারেল ও অ্যাডমিরালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে তুরস্ক। অভিযুক্তরা সবাই তুরস্কের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
 
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাজধানী আঙ্কারায় তার মন্ত্রী ও আস্থাভাজন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া কর্তৃপক্ষ সব একাডেমিক ব্যক্তিত্ব্যের তুরস্ক ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি কর্মচারীদের এই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গণছাটাই অব্যাহত আছে।
 
কমপক্ষে ৫০ হাজার ব্যক্তি বরখাস্ত অথবা চাকরীচ্যুত হয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৫৭৭ জন অনুষদ প্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া ২১ হাজার শিক্ষক ও ১৫ হাজার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীকেও চাকরীচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে এই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার কথিত পরিকল্পনাকারী ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। বিবিসি।