লঞ্চে কিশোরীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:১১
রাজধানীর সদরঘাটে পটুয়াখালীগামী একটি লঞ্চের কেবিনে কিশোরীকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
 
বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাতেই ওই কিশোরীর বাবা গেদা মিয়া বাদী হয়ে মামলাটি করেন। ঘটনার পর আটক মো. আল মামুনকে (২১) একমাত্র আসামি করা হয়েছে। বরগুনার পাথরঘাটার হুমায়ুন কবীরের ছেলে মামুন সরকারি কবি নজরুল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
 
বুধবার বিকালে পটুয়াখালীগামী ঈগল-৩ লঞ্চের তৃতীয় তলার ৩০৮ নম্বর কেবিন থেকে পারুল আক্তারের (১৬) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পারুল দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার মো. গেদা মিয়ার মেয়ে।