স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি আজ শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলে প্রায় সাড়ে আট মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। তবে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে ফেরার এই ম্যাচে আরেক সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়াকে পাচ্ছেন না বার্সেলোনা তারকা।
বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের খেসারত দিয়ে সাবেক কোচ হোর্হে সাম্পাওলির চাকরি যাওয়ার পর অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দলের দায়িত্ব পান সাবেক মিডফিল্ডার লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ-ব্যর্থতার পর দল থেকে সাময়িক বিরতিতে যাওয়া মেসি-ডি মারিয়াদের না পাওয়ায় তরুণ তুর্কিদের উপরই ভরসা রেখেছিলেন স্ক্যালোনি।
ছয় ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র নিয়ে তার আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন পাওলো দিবালা-লাউতারো মার্তিনেজরা। ফলে তাকে কোপা আমেরিকা পর্যন্ত কোচ হিসেবে রেখে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
নতুন বছরে দলে ফিরেছেন মেসিদের মতো অভিজ্ঞরা। এরপরেও ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে ম্যাচ দুটির জন্য স্ক্যালোনির ঘোষিত দলেও তারুণ্যের জয়গানই বলে দেয় মহীরুহদের প্রত্যাবর্তনেও তারুণ্য-নির্ভরতা কমাচ্ছেন না এই আর্জেন্টাইন।
তবে দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ডি মারিয়ার চোট। বুধবার অনুশীলনে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ম্যাচ দুটি থেকে ছিটকে পড়েন পিএসজি তারকা। এই মৌসুমে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে সকল প্রতিযোগিতায় ১৪ গোল ও ১৩ অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডকে হারালেও অবশ্য আলবিসেলেস্তে আক্রমণভাগে তারকার ঘাটতি আসছে না।
আর্জেন্টাইন পত্রিকা মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে বিশ্বকাপে সাম্পাওলির কিছুটা উপেক্ষার শিকার হওয়া জুভেন্তাস ফরোয়ার্ড দিবালা অধিনায়ক মেসির সঙ্গে শুরু থেকেই থাকবেন দলের আক্রমণভাগে। তবে অনুশীলন সেশনে দারুণ সময় কাটানো মাতিয়াস সুয়ারেজ চমক হিসেবে থাকতে পারেন স্ক্যালোনির শুরুর একাদশে।
বিশ্বকাপের পর দুই অভিজ্ঞ সেনানী হ্যাভিয়ের ম্যাশেরানো ও লুকাস বিলিয়ার অবসরগ্রহণ মাঝমাঠে তরুণদের ব্যবহারে স্ক্যালোনিকে বাধ্য করেছে। শোনা যাচ্ছে এই ম্যাচে পিএসজি মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস, রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো ও রিভার প্লেটের খেলোয়াড় এক্সেকিয়েল প্যালাসিওসকে দেখা যেতে পারে আর্জেন্টাইন মাঝমাঠে।
আজ শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে মেসিকে পেলেও ২৬ মার্চ মরক্কোর তাঞ্জিয়ারের দ্বিতীয় প্রীতি ম্যাচে বার্সা তারকাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।
