স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু নিখোঁজ

মিরপুরে শিশু জুনায়েদ উদ্ধারে ফের অভিযান শুরু

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১১:০৩
 
রাজধানীর মিরপুর কমার্স কলেজের পেছনের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু জুনায়েদ আহমেদ সাব্বিরকে উদ্ধারে ফের অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। শুক্রবার সকাল সাড়ে ৭ টার পর তারা এ উদ্ধার অভিযান শুরু করেন।
 
এর আগে মিরপুরে লেগুনা চালক আমীর হোসেনের সাড়ে ৩ বছরের শিশু জুনায়েদ আহমেদ সাব্বিরকে বৃহস্পতিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্দেহ হয় বাড়ির সামনে স্যুয়ারেজ লাইনে সাব্বির পড়ে গেছে। রাত ১০ টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর স্যুয়ারেজ লাইনে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই লাইন থেকে কাউকে উদ্ধার করতে পারেনি।
 
পুলিশ জানায়, স্যুয়ারেজ লাইনটি মিরপুর-১ এর রূপালি হাউজিংয়ের পাশ দিয়ে রূপনগর হাউজিং হয়ে তুরাগ নদীতে মিশেছে। স্যুয়ারেজ লাইনের প্রশস্ত তিন ফুট। শিশুটি পরিবারের সঙ্গে রূপালি হাউজিংয়ের একটি টিনশেড ঘরে থাকত। সে ওই লাইনে পড়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খেলতে বের হওয়ার পর তাকে খুঁজে না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। তারা বলছে, সে স্যুয়ারেজ লাইনে পড়ে গেছে।  
 
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিশুটি স্যুয়ারেজ লাইনে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমন কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। তারপরও ফায়ার সার্ভিস খোঁজ করে দেখছে।