ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহাদাৎ হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে সাহাদাৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে সিন্ডিকেট সদস্য মাকসুদ কামাল জানান।
গত ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী এই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছিলেন।
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক সাহাদাৎ বলেছেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ করা হয়েছে। আমার প্রফেশনাল অর্জনে অনেকেই ঈর্ষান্বিত। এ কারণে বিভাগ থেকে পাস করে যাওয়া প্রাক্তন দুই শিক্ষার্থীকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।’
