লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ক্রিকেট একাডেমির জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে স্থানীয় প্রথম বিভাগ ক্রিকেট।
গতকাল বৃহস্পতিবার শেখ কামাল স্টেডিয়ামে লিগের উদ্বোধনী খেলায় টসে জিতে বিজয়-১৬ দল প্রথমে ব্যাটিং নেয়। কিন্তু দলটি ২২.৩ ওভারে ৫৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে লালমনিরহাট ক্রিকেট একাডেমি ১০.৫ ওভারে তিন উইকেটে ৫৫ রান তুলে সাত উইকেটে জয়ী হয়।
এ লিগে ধরলা ও তিস্তা গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সকালে প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মোস্তফা স্বপন, সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন, সদস্য আনিছুর রহমান লাডলা।
