১৯ ঘণ্টা পর ড্রেন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১১:৩৬
 
খোলা ড্রেনে পড়ে শিশু সানজিদার মৃত্যুর ঘটনার এক সপ্তাহের মাথায় এ ধরনের আরো একটি ঘটনা ঘটেছে। এবারে এই মৃত্যু ফাঁদের শিকার হয়েছে মিরপুরে লেগুনা চালক আমীর হোসেনের সাড়ে ৩ বছরের শিশু জুনায়েদ আহমেদ সাব্বির। বৃহস্পতিবার বিকাল থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্দেহ হয় বাড়ির সামনে ড্রেনে সাব্বির পড়ে গেছে। রাত ১০ টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর ড্রেনে তল্লাশি চালানো হয়।
 
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরীরা ড্রেন থেকে সাব্বিরের মৃতদেহ উদ্ধার করে।  
 
পুলিশ জানায়, ড্রেনটি মিরপুর-১ এর রূপালি হাউজিংয়ের পাশ দিয়ে রূপনগর হাউজিং হয়ে তুরাগ নদীতে গিয়ে মিশেছে। ড্রেনের প্রশস্ত ছয় ফুট। শিশুটি পরিবারের সঙ্গে ওই রূপালি হাউজিংয়ের একটি টিনশেড ঘরে থাকতো। গতকাল দুপুর তিনটা থেকে নিখোঁজ ছিল সাব্বির। সে ওই লাইনে পড়ে গেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশকে জানায় পরিবার।  
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীরা নালায় উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে ড্রেন থেকে শিশুটির লাশ উদ্ধার করে।