পাতানো খেলা সন্দেহে একাধিক ফুটবলারকে তলব

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে পাতানো খেলা হয়েছে। চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের গোল শূন্য খেলাটি পাতানো হয়েছে এমন সন্দেহে বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি গতকাল বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলবে বাফুফের এই কমিটি। তলব করা হচ্ছে একাধিক ফুটবলারকে। গতকাল বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি সূত্রে জানা গেছে, সাইফ স্পোর্টিং এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচের ডিভিডি আগেই পাঠানো হয়েছিল। কর্মকর্তারা সেটি দেখেছেন এবং গতকাল আবারও কমিটির মিটিংয়ে ম্যাচটি প্রদর্শন করা হয়। সিদ্ধান্ত হয়, দুই দলের তিনজন করে ৬ জন ফুটবলারকে রবিবার জিজ্ঞাসাবাদ করা হবে। গোপনীয়তার স্বার্থে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।