নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, রাবির শিক্ষার্থীর কারাদণ্ড

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৮:৩৬
 
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে নাজির কাম কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা চলাকালীন জালিয়াতির সময় কর্তৃপক্ষ তাকে আটক করলে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডাদেশ প্রাপ্ত শফিকুল ইসলাম (২৩) রাবি সমাজকর্ম বিভাগের মাস্টার্স ফলপ্রার্থী।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ পরীক্ষায় শফিকুল অন্যজনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। কর্তৃপক্ষ এ বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রদান করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।