সিলেট কারাগারে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের জেরে জেলা ছাত্রলীগের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হচ্ছেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ-সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ (বালুচর) ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস। বহিষ্কৃতরা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতা।
বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
