ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিরা নিরীহ নিরাপরাধ দেশি-বিদেশি মানুষদের হত্যা করেছে। এ দেশে এমন ঘটনা ঘটতে পারে তা ছিল কল্পনারও অতীত। গণপ্রতিরোধের মাধ্যমে বিভ্রান্ত তরুণদের প্রতিহত করতে হবে।
শুক্রবার রাতে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
ভাষা সংগ্রামী ও অবসরপ্রাপ্ত বিচারপতি এবাদুল হক একুশে পদক ২০১৬ , সাহিত্য কর্মে অধ্যাপক ড. মহীবুল আজিজ জীবনানন্দ দাশ পুরস্কার ও গবেষণাকর্মে বিজ্ঞানী ড. বদরুল মুনীর সারওয়ার সিউল টেস্ট অব টাইম ২০১৬ পাওয়ায় নলেজ ট্রাস্ট এ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র এই সম্বর্ধনা প্রদান করে। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়। তারা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ব্রাক বিশ্বাবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাদ আন্দালিব বিশেষ অতিথির বক্তৃতা দেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোমতাজ উদ্দিন আহমদ, সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার, লেখক ও প্রকাশক শামসুজ্জামান , অধ্যাপিকা শরিফা খাতুন, মনির হাসান ও বিধান চন্দ্র পাল সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যে সমাজে গুণীদের কদর নেই, সে সমাজে গুণী ব্যক্তিদের জন্ম হয় না। সমাজ কর্তৃক দেশের গুণীদের সম্মানিত করার এই ধারা অব্যাহত খাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বাসস।
