অস্ট্রেলিয়ায় রেস্তোরাঁর বাথরুমে তিনদিন পড়ে ছিল লাশ

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৪:২৬
 
অস্ট্রেলিয়ার একটি ফাস্টফুডের রেস্তোরাঁর বাথরুম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনদিন ধরে তার লাশ ওই বাথরুমে পড়েছিল। কি করে ওই লাশ বাথরুমে তিনদিন ধরে পড়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।
 
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থে হাংরি জ্যাকসের একটি আউটলেটে সোমবার সকালে লাশ উদ্ধারের এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, শুক্রবার কোন এক সময়ে লোকটি ওই আউটলেটে যায়। তবে উদ্ধারের আগ পর্যন্ত ঠিক কতো সময় ধরে লাশটি ওখানে পড়েছিল পুলিশ সেসম্পর্কে কিছু বলেনি।
 
পুলিশের একজন মুখপাত্র জানান, এটি সন্দেহজনক মৃত্যু নয়। ময়নাতদন্তের পর রিপোর্ট তৈরি করা হবে।
 
কিন্তু অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বলছে, লোকটি কখন মারা গেছে তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। খবরে বলা হয়েছে, দোকানটি শনিবার ২৪ ঘন্টাই খোলা ছিল। রবিবার রাত ১০ টায় এটি বন্ধ করা হয়। বাসস।