ময়মনসিংহ-৩ আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৮:০৫
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
 
তারা হলেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত শামছুজ্জামান জামাল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মনোনীত মো. আব্দুল মতিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবু তাহের খান ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক। নির্বাচন কমিশনের তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
১৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন, যা প্রদত্ত ভোটের ৯৩ দশমিক ৬৯ শতাংশ। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট, যা প্রদত্ত ভোটের ৩ দশমিক ৪৩ শতাংশ। স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল হক পেয়েছেন ১ হাজার ২৩ ভোট, যা প্রদত্ত ভোটের দশমিক ৮০ শতাংশ। ইসলামী ঐক্যজোটের মো. আবু তাহের খান পেয়েছেন ৬৮৮ ভোট, যা প্রদত্ত ভোটের দশমিক ৫৪ শতাংশ। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মো. আব্দুল মতিন পেয়েছেন ৬৭৯ ভোট, যা প্রদত্ত ভোটের দশমিক ৫৩ শতাংশ। নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ২৯০টি, যা প্রদত্ত ভোটের ১ দশমিক ০১ শতাংশ।
 
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪১ ধারা অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা।