নিরাপত্তার লক্ষ্যে ডিএমপি'র চেক পোস্ট

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৮:২৪
ছিনতাই, ডাকাতি ও নাশকতাসহ বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 
নিরাপত্তা জোরদার ও নগরবাসীর বিভিন্ন সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে ডিএমপি। ডিএমপি'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত ডিএমপি'র দায়িত্বরত ব্যক্তিগণ ৮৬৮টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, ৭১৪টি মোটর সাইকেল, ৬০২টি সিএনজি চালিত অটোরিকশা ও ৩৬৫টি অন্যান্য যানবাহনে তল্লাশি করেছে।
 
তল্লাশির সময় বিভিন্ন অভিযোগে ১৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্যে চেক পোস্টের মাধ্যমে এ জাতীয় তল্লাশি অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।