পদ্মায় প্রচণ্ড স্রোত আর উত্তাল ঢেউয়ের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে।
১৬টি ফেরির মধ্যে ৪টি ফেরি বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পন্যবাহি ট্রাক। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) মো. গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান, 'পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে প্রচুর স্রোত তাছাড়া শনিবার কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় নদীতে দেখা দেয় বড় বড় আকারের ঢেউ। এ রকম ঢেউ আর স্রোতের প্রতিকুলে মান্ধাতা আমলের ফেরির ইঞ্জিনগুলো প্রতিযোগিতায় কুলাতে পারছিল না।'
তিনি বলেন 'ফেরি রানীক্ষেত. রায়পুরা ও রামশ্রী অনেক পুরনো ফেরি। এগুলোর ইঞ্জিন অনেক দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে পদ্মায় যে স্রোত রয়েছে তার প্রতিকুলে এ ইঞ্জিনের গতি অনেক কম। ফেরি ছাড়লেই স্রোতের টানে ফেরিগুলো নির্দিষ্ট পথ ছেড়ে অন্য দিকে চলে যায়। তাই দুর্ঘটনা এড়াতে এ ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে।'
তিনি আরো জানান, তাছাড়া অপেক্ষাকৃত ছোট ফেরি কর্ণফুলীকেও বন্ধ রাখা হয়েছে। গতকাল তিনটি রো রো ফেরি, ৪টি কে টাইপ ফেরি, ৪টি প্ল্যাট ফেরি ও ফরিদপুর নামের একটি ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল করেছে।
এর পূর্বে শুক্রবার রাতেও ফেরি সার্ভিস ছিল আরো সীমিত। ফলে শনিবার সকালে শিমুলিয়া ঘাটে কিছুটা যানজট দেখা দেয়। যাত্রীবাহী বাসসহ ছোট ও হালকাগাড়ী যানজটে আটকা পড়লেও দুপুরের মধ্যেই তা পারাপার করা সম্ভব হয়। তবে ঘাটে আটকা পড়েছে শতাধিক পন্যবাহি ট্রাক। শনিবার রাতের মধ্যেই এসব ট্রাক পারা করা সম্ভব হবে বলে ম্যানেজার আশাবাদ ব্যক্ত করেন।
