কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হামলা, আহত ৮

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:০৩
কিশোরগঞ্জের নিকলীতে ভ্রাম্যমাণ আদালতে হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা, ওসিসহ আটজন আহত হয়েছেন।
 
শনিবার দুপুরে উপজেলার রোদার পুড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে হাতেনাতে আটক করে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
নিকলী থানার ওসি মুইদ চৌধুরী বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের নেতৃত্বে অবৈধ কারেন্ট জাল ও বেড়া জাল আটক করতে রোদার পুড্ডা গ্রামের পেছনের একটি খালে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হঠাৎ একদল গ্রামবাসী লাঠি-সোটা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায়। হামলায় ইউএনও, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েলসহ আটজন আহত হয়। এ সময় আদালতের সঙ্গে থাকা পুলিশ সাবদার আলী ও সুনাম উদ্দিন নামে দুই হামলাকারীকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
 
এ মৎস্য অফিসের সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নিকলী থানায় মামলা করেছেন।