দুই বছর ধরে নিখোঁজ থাকলেও খোঁজ মেলেনি মেধাবী ছাত্র সুমনের (২০)। সুমনের বাড়ি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া শুকাপাড়া গ্রামে। সুমনের পিতা রকিব উদ্দিন ও মা শেফালী বেগম জানান, তাদের ছেলে সুমন গত ২০১৪ সালের ২১ অক্টোবর তারিখে আসরের পর ভাত খেয়ে বিছানায় মোবাইল ফোন রেখে পার্শ্ববতী আটরশিয়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে গত ২৬ অক্টোবর শিবগঞ্জ থানায় একটি জিডি করি। সুমন আজ অবধি ফেরেনি এমনকি কোনো যোগাযোগও করেনি। পিতা আঃ রকিব জানান, আমি অশিক্ষিত লোক তেমন কিছু বুঝি না। হারানোর পর বেশ কিছুদিন খুঁজেছি। এখন আর খোঁজ নিই না।
তারা আরও জানান, সুমন রেজা আমাদের তিন ছেলেমেয়ের মধ্যে বড়। সে ২০১২ সালে আটরশিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও রাধাকান্তপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে। এলাকার কবিরাজ ভুটুসহ অনেকেই জানান, সুমন খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল ও সে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত ছিল না। তবে অনেক ছাত্র তার সাথে যোগাযোগ করতো। এলাকার জনপ্রতিনিধিসহ বেশ কিছু মানুষের সন্দেহ ছেলেটি জঙ্গি সংগঠনের সাথে জড়িত হওয়ায় কেউ তাকে নিয়ে গেছে। তারা আরো জানান, এই এলাকায় জামায়াত শিবির ও জঙ্গি সংগঠনের অনেক ক্যাডার ও সদস্য আছে। যাদের মধ্যে অনেকেই পলাতক।
