সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে ৪ নারী আটক

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৩:৩৪
সিরাজগঞ্জে জেএমবি’র সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
 
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান জানান, ভোররাত সোয়া ৩টার দিকে মৃত হুকুম আলীর ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
 
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে রবিবার ভোররাতে শহরের মাছুমপুর মহল্লার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
 
আটকরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকট গ্রামের হাবিবা আক্তার রুমা (২২), পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জের পোচাদহ গ্রামের রুমা খাতুন (১৯)।
 
তাদের কাছ থেকে ৬টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোলক, নয়টি জিহাদি বই, ডেটেনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।