দুর্নীতির অর্থই জঙ্গিবাদে ব্যবহৃত হচ্ছে: দুদক

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:০৩
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি ও জঙ্গিবাদ দুটোই বর্তমানে বৈশ্বিক সমস্যা এবং এই ‍দুই সমস্যার মধ্যে সম্পর্ক রয়েছে। দুর্নীতির অর্থই জঙ্গিবাদে ব্যাবহৃত হচ্ছে।
 
রবিবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
ইকবাল মাহমুদ বলেন, অর্থনৈতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ- এই দুই সমস্যাকে সমান গুরুত্ব দিয়ে প্রতিহত করতে না পারলে কেউ নিরাপদ থাকবে না।
 
তিনি বলেন, আপনার কষ্টার্জিত অর্থ আপনি নেতিবাচক কোনো কাজে লগ্নি করবেন না। সৎভাবে অর্থ উপার্জন করে তো কেউ জঙ্গিবাদের পেছনে ব্যয় করবে না। সুতরাং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গিবাদের পেছনে টাকা ঢালছে, তারা অবশ্যই দুর্নীতিগ্রস্ত।
 
দুদক চেয়ারম্যান বলেন, চলতি বছরের শুরুতেই দুদক ব্যাংকিং, শিক্ষা ও স্বাস্থ্য– এই তিন খাতে গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাংকিং সেক্টর, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার হয়েছে। আমরা সরকারি ব্যাংকগুলোর দুর্নীতি যেভাবে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছি, তেমনি বেসরকারি ব্যাংকগুলোকেও গুরুত্ব দেওয়া হবে। বেসরকারি ব্যাংকগুলোকে মনে রাখতে হবে যে সেখানে জনগণের টাকা থাকে।
 
শিক্ষাখাত ও চিকিৎসা খাতে দুর্নীতির বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেছেন, যদি কোনো স্কুলে পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে উপরের ক্লাসে প্রমোশন দেওয়া হয়, তাহলে আমরা মামলা করব। ঐভাবে এক শ্রেণি থেকে উপরের শ্রেণিতে প্রমোশন দেয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়। তেমনিভাবে যেসব চিকিৎসক সরকারের বেতন নিয়ে গ্রামে কাজ করেন না- এটাও ক্ষমতার অপব্যবহার। সুতরাং তাদের বিরুদ্ধেও মামলা হবে।