অপরাধীদের তথ্য পেতে ডিএমপির নতুন অ্যাপ

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৮:৪৮
হয়রানির কথা বিবেচনা করে অনেক অপরাধ দেখেও না দেখার ভান করে সাধারণ মানুষ। কারণ, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধের তথ্য দিলে পরবর্তীতে তাদের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। এসব ভোগান্তি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করবে শিগগিরই। 
 
রবিবার দুপুরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নিজ দফতরে সাংবাদিকদের  এই তথ্য জানান। তিনি বলেন, এই অ্যাপে তথ্যদাতার কোনও পরিচয় দিতে হবে না। পুলিশ তথ্যদাতার কোনও পরিচয় জানবেও না। কেবল তার পাঠানো তথ্য পুলিশ পাবে। স্মার্টফোনে এই অ্যাপটি ব্যবহার করা হবে। আগামী দু একদিনের মধ্যেই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এই অ্যাপ প্রকাশের পর রাজধানীর অপরাধ অনেকটায় কমে আসবে।
 
অ্যাপ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আরও বলেন, হয়রানির জন্য অনেকেই তথ্যই পুলিশকে জানাতে চান না। তাদের জন্য ডিএমপির এই অ্যাপটি সহায়ক হবে। বর্তমানে বাংলাদেশ পুলিশের সব থানা, বিভাগ ও সদর দফতরসহ সব কর্মকর্তাদের নম্বর সংবলিত একটি অ্যাপ চালু রয়েছে। যা থেকে সহজেই পুলিশের নম্বরে ফোন দিয়ে সহযোগিতা নেওয়া যায়।
 
এছাড়াও চলতি মাসে ‘রিপোর্ট টু র‌্যাব’ নামের একটি অ্যাপ প্রকাশ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই অ্যাপে অপরাধীর ছবিসহ সব তথ্য দিতে পারেন নাগরিকরা। এই অ্যাপসে তথ্যদাতার পরিচয় প্রদান করতে হয়। তবে ডিএমপির তৈরি অ্যাপে তথ্যদাতার কোনও পরিচয় থাকবে না।