বিদেশ থেকে এসে জঙ্গিবাদ বিকাশের সুযোগ নেই--স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০১:০১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের তরুণ সমাজের একাংশকে বিপথগামী করা হচ্ছে। বাংলাদেশে যারা জঙ্গিবাদে সম্পৃক্ত তারা এদেশেরই লোক। এরা বিদেশ থেকে আসেনি, এরা হোমগ্রোন জঙ্গি। স্বাধীনতা বিরোধীরা আজ কখনো হুজি, কখনো আনসারুল্লাহ বা কখনো জেএমবি নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিদেশ থেকে এসে বাংলাদেশে জঙ্গিবাদ বিকাশের সুযোগ নেই। তিনি জঙ্গিবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। শনিবার রাজধানীতে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
ছায়া সংসদের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সরকারি ও বিরোধী দলের বিতার্কিকরা বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে জঙ্গিবাদ মোকাবিলায় সামাজিক সচেতনতা ও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
 
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আমরা বুঝতে পারছি বাংলাদেশে জঙ্গিরা নানা নামে তাদের তত্পরতা চালিয়ে আসছে। এই জঙ্গি তত্পরতার সঙ্গে যারা জড়িত তারা বেশিরভাগই নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চবিত্ত ঘরের সন্তান বলে প্রতীয়মান হচ্ছে। বয়সে সকলেই তরুণ। কেন, কী কারণে, কাদের ইন্ধনে ও কিসের আশায় এসব তরুণরা জঙ্গি তত্পরতায় জড়িয়ে পড়ছে তা অনুসন্ধান করতে হবে।
 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এমএ সবুর। ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ এই শ্লোগানে আয়োজিত প্রতিযোগিতায় বাছাইকৃত ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।