ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় খালিস শহরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে হামলার ঘটনাটি ঘটে। রাজধানী বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দূরে খালিস শহরের একটি তল্লাশি চৌকি ছিল ওই হামলার লক্ষ্যবস্তু।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, খালিস শহরে দায়িত্বরত কর্মকর্তা হাসান আল মামুরি এবং দিয়ালা প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফারিস আল আজাউয়ি বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাটিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে থাকে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, গত শনিবার বাগদাদের কাদিমিয়াহ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছিল আইএস। এর একদিন পরই খালিস শহরে হামলার ঘটনাটি ঘটল। -বিবিসি ও আল জাজিরা
