কুষ্টিয়ার মিরপুরে প্রাথমিক উপবৃত্তির ৮০ হাজার টাকা আত্মসাৎ

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২৩:৪৭
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের চর-নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী কামাল, সদস্য আরেজ, ফেরদৌসী খাতুন ও ফাতেমা খাতুন উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ  করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, চর-নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। এতে এলাকার জনসাধারণ ক্ষিপ্ত হয়ে স্কুলে তালা লাগিয়ে দেয়। এ ব্যাপারে একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা অভিযোগ করেন, আমরা স্কুলে উপবৃত্তির টাকা সংগ্রহ করতে গেলে শিক্ষক আমাদের ১২০০ টাকার স্থলে ৬০০ টাকা এবং ৯০০ টাকার স্থলে ৮০০-৯০০ টাকা প্রদান করেন। তবে যারা এ ঘটনার প্রতিবাদ  করেছে তাদের কাউকে কাউকে প্রাপ্ত অর্থ বুঝিয়ে দেয়া হয়েছে।
একটি সূত্র জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করার পরে অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিম চর-নওদাপাড়া গ্রামের উসমানকে দিয়ে আবার টাকা বিতরণ করেন। এব্যাপারে চর-নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, সরকারী নিয়ম নীতির আলোকে টাকা বিতরণ করা হয়েছে। টাকা বিতরণে কোন অনিয়ম হয়নি দাবী করে তিনি শিক্ষককের মান মর্যাদার কথা ভেবে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।
অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের নামে বরাদ্দ ১লক্ষ ৮৩ হাজার ৩ শত টাকার মধ্যে ১ লক্ষ ২ হাজার ৯ শত টাকা বিতরণ করে প্রধান শিক্ষক ৮০ হাজার টাকা পকেটস্থ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তদন্ত করে ঘটনার সত্যতা প্রমানিত হলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।