১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় নাম না উঠা এবং কলেজ জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজের নাম না থাকায় ক্ষোভ
কলেজ জাতীয়করণের তালিকায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মফস্বল শহরের এ কলেজটি যশোর শিক্ষাবোর্ডে বিভিন্ন সময়ে ৪র্থ, ১১তম, ১৬তম ও ২০তম স্থান অধিকারের গৌরব অর্জন করে। ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০১০ সালে বাগেরহাট জেলায় ১ম স্থান ও যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ১৪তম স্থান অর্জন করে। বর্তমানে এ বিদ্যাপীঠে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই কলেজের নামে সাত একর ভূমিসহ রয়েছে খেলার মাঠ, ছাত্রাবাস, দুটি ভবনে প্রায় ৩২টি কক্ষ। এ প্রতিষ্ঠানে প্রায় ৬৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নোয়াখালীতে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে ওই কলেজের শিক্ষার্থীরা প্রায় দুইঘণ্টা ধরে চরজব্বার-চরবাটা সড়ক অবরোধ করে রাখে। এ সময় অবরোধকারীরা ৬/৭টি যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশ দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশালে বিক্ষোভ মিছিল
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে কলেজ অধ্যক্ষ আ.ক.ম. মিজানুর রহমান, অধ্যাপক গোলাম হোসেন, অধ্যাপক শাহ আলম, এসএম খলিলুর রহমান, আমিনুল ইসলাম, প্রভাষক অপু চন্দ্র দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব উপস্থিত ছিলেন। একই দাবিতে আজ মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এর পূর্বে একই দাবিতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে একাধিকবার মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবি ও জঙ্গিবাদ উত্থান বিরোধী মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে উপজেলা শহরের তিনকোণা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার মো. মকবুল হোসেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম রিজু, ছিটমহল আন্দোলনের নেতা মো. মইনুল হক চেয়ারম্যান, যুবলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মিলন, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।
কাউনিয়ায় মিছিল ও সড়ক অবরোধ
হারাগাছ কলেজকে সরকারীকরণের প্রতিবাদে এবং কাউনিয়া কলেজকে সরকারিকরণের দাবিতে আবারো তিনঘণ্টা সড়ক অবরোধ করেছে রংপুরের কাউনিয়া কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার সর্বস্তরের জনগণ। এসময় তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার ১২টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে কাউনিয়া বাসস্ট্যান্ডে এসে দুপুর পৌনে ১টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, কলেজের সাবেক সভাপতি আ. মজিদ, প্রভাষক হিরা সরকার, শফিকুল ইসলাম, আব্দুল জলিল, কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রমুখ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাউনিয়া কলেজকে সরকারিকরণ করা না হলে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।
