গাজীপুরে সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ!

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০২:৪৫
গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের মধ্য ভোগড়া এলাকার একটি সরকারি পুকুর অবৈধভাবে ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
 
স্থানীয়রা জানান, মধ্য ভোগড়া এলাকার একমাত্র জলাধার সরকারি পুকুরটি গত কয়েক বছর ধরে ঈদগাহ ময়দান বানানোর জন্য ভরাট করা হয়। এক পর্যায়ে পুকুরটির অর্ধেকের বেশি অংশ ভরাট করে ঈদগাহ ময়দান বানিয়ে তাতে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে। পুকুরের বাকি অংশটুকুও ইতোমধ্যে ভরাট করা হয়ে গেছে। এ ভরাটকৃত অংশের উত্তর ও পূর্বপাশে আরসিসি পিলার দিয়ে ২২টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে।
 
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার জানান, ঈদগাহ ময়দানের জন্য পুকুরের একটি অংশ ভরাট করে ব্যবহারের জন্য এলাকাবাসী সিদ্ধান্ত নেয়। তবে সেখানে মার্কেট নির্মাণের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
 

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, সরকারি পুকুর অবৈধভাবে কেউ ভরাট ও দখল করে থাকলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।