প্রথমবার একজন নারী ‘গণিতে নোবেল’ পেলেন

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:০৫

 

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ অ্যাবেল পুরস্কার উঠছে একজন নারীর হাতে।  গণিতে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক কারেন কেসকুলা উলেনব্যাক বার্ষিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানিয়েছে সায়েন্স অ্যালার্ট ডটকম।

রয়েল সোসাইটির ফেলো জিম আল-খলিলি বলেছেন, ‘গত ৪০ বছরে গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখা কাজের জন্য উলেনব্যাকের আরও বড় স্বীকৃতি পাওয়া উচিত ছিল।’ নরওয়ের অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস মর্যাদাপূর্ণ এ অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে। গণিতে অবদানের জন্য নোবেল দেয়ার বিধান না থাকায় এ ক্ষেত্রে স্বীকৃতির যে শূন্যতা ছিল অ্যাবেল পুরস্কারের মাধ্যমে তার কিছুটা পূরণ হচ্ছে বলে জানিয়েছে সায়েন্স অ্যালার্ট। অ্যাবেল কমিটির প্রধান হ্যান্স মন্তি কুশ বলেছেন,  ‘জ্যামিতিক বিশ্লেষণ ও গেইজ থিওরি নিয়ে মৌলিক কাজ করায় ২০১৯ সালের অ্যাবেল পুরস্কার পাচ্ছেন কারেন উলেনব্যাক। তার কাজ গাণিতিক দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন এনেছে। তার তত্ত্ব সাবানের বুদবুদে যেমন তৈরি হয় তেমন ক্ষুদ্র পৃষ্ঠতল এবং উচ্চ মাত্রার ক্ষেত্রে আরও ক্ষুদ্রিকীকরণ সমস্যাগুলো বোঝায় বিপ্লব সাধন করেছে।’ খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের

২০০২ সাল থেকে শুরু হওয়া অ্যাবেল পুরস্কারের অর্থমূল্য প্রায় ৭ লাখ ৪ হাজার মার্কিন ডলার। আগামী ২১ মে অসলোতে এক অনুষ্ঠানে নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ড উলেনব্যাকের হাতে পুরস্কারটি তুলে দেবেন। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেসব পুরস্কার দেওয়া হয় ঐতিহাসিকভাবেই তার বেশিরভাগই পুরুষেরা পেয়ে থাকেন। এখন পর্যন্ত নোবেলজয়ী ৯০৪ জনের মধ্যে মাত্র ৫১ জন নারী। তাই প্রথম নারী হিসেবে উলেনব্যাকের অ্যাবেল জয় অত্যন্ত তাত্পর্যপূর্ণ।