বরিশালে সাংবাদিক মনির হত্যা, বাবা-ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:৩৮
বরিশালের মুলাদী উপজেলায় সাংবাদিক মনির হোসেন রাঢ়ী হত্যা মামলায় বাবা ও ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুদীপ্ত দাস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মুলাদী উপজেলার বাসিন্দা আলাউদ্দিন রাঢ়ী ও তার ছেলে রাসেল রাঢ়ী।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ডিসেম্বরে মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলিলউদ্দিন মাস্টার ও আনোয়ার হোসেনের বাড়ির চলাচলের পথ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করেন আলাউদ্দিন রাঢ়ী ও তার ছেলেরা। দলিলউদ্দিন বিষয়টি তার প্রতিবেশী মুলাদী প্রেসক্লাবের তৎকালীন সভাপতি মনির হোসেন রাঢ়ীকে জানায়। মনির ওই বছরের ২১ ডিসেম্বর বিকালে ঘটনাস্থলে গিয়ে তাদের আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের কথা বলেন। এ সময় আসামিদের সঙ্গে মনিরের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা মনিরের উপর হামলা করলে তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন ২২ ডিসেম্বর আলাউদ্দিন রাঢ়ী, তার দুই ছেলে রাসেল রাঢ়ী ও সোহাগ রাঢ়ী, স্ত্রী আলেয়া বেগম ও প্রতিবেশী মোতালেব রাঢ়ীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই জসিম উদ্দিন ওরফে খোকা রাঢ়ী। ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি আলেয়া বেগম ও মোতালেব রাঢ়ীর নাম বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেয়া হয় আদালতে। আদালত শুনানি শেষে অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কাজ শুরু করে।