রংপুরে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:৫২
রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি জেল হাজতে ছিলেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর নগরীর নিউ জুম্মাপাড়ার মেথর কলোনির হরিজন সম্প্রদায়ের সবরুল ভাসফোরের ছেলে জয়রাম ভাসফোর তার স্ত্রী চাঁদনী রাণীকে গলা টিপে হত্যা করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে তারা।
 
এই ঘটনায় নিহতের মা তারামনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই আব্দুস ছালাম ২০১৪ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার জয় ভাসফোরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।