গুলশানে অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে অভিযান শুরু হয়।
এখন পর্যন্ত গুলশান ১ নম্বরে তৃতীয় তলা একটি ভবনের নিচতলার কয়েকটি রেস্তোরাঁ ও বেকারি, গুলশান ২ নম্বরে একটি রেস্তোরাঁ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই ভবনের একটি স্পা ও বিউটি পারলার সিলগালা করে দেওয়া হয়েছে।
জানা যায়, গুলশান ১ নম্বরে তৃতীয় তলা ভবন এসডব্লিউএস কোরের বাণিজ্যিক অনুমোদন ছিল না। ভবনের দ্বিতীয় তলায় ফুড প্যালেস নামে একটি রেস্তোরাঁ ছিল। নিচতলায় ছিল ইস্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান ও মল্লিক স্ন্যাক্স নামে একটি দোকান। ভ্রাম্যমাণ আদালত ওই ভবনের গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে এগুলো গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানের নেতৃত্বদানকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান বলেন, রাজউক যে নোটিশ দিয়েছিল, তা নিয়মিত কাজের অংশ। কিন্তু ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করছেন। ভ্রাম্যমাণ আদালতের কোনো ধরনের নোটিশ প্রয়োজন হয় না।
