মোগাদিসুতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৭:৩০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিমানবন্দরের কাছে দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বোমা দুটির মধ্যে একটি মোগাদিসুতে জাতিসংঘের রাজনৈতিক অফিসের কাছে বিস্ফোরিত হয়।
 
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলির আওয়াজ পাওয়া গেছে। বিস্ফোরণের পর এলাকাটি থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলাস্থলের কাছেই আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের কার্যালয়।
 
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, চেক পয়েন্টে বাধা পাওয়ার পর একজন আত্মঘাতী হামলাকারী প্রথম বোমার বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে বিমানবন্দরের সীমানা দেয়ালের পাশে।
 
প্রথম বিস্ফোরণে চেক পয়েন্টের নিরাপত্তাকর্মীরা নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। জঙ্গি সংগঠন আল শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী সদর দফতর তাদের হামলার লক্ষ্য ছিল।