ঐতিহাসিক বিশ্বভ্রমণ শেষ করেছে সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২। মঙ্গলবার সংযুক্ত আমিরাতের রাজধানী আবুধাবিতে সৌরচালিত বিমানটির যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। সোলার ইম্পালস হলো প্রথম বিমান, যা জ্বালানি ছাড়া সূর্যের আলো দিয়েই পৃথিবী প্রদক্ষিণ করল।
বিশ্বভ্রমণের পথে সোলার ইম্পালস-২ চারটি মহাদেশ, তিনটি মহাসাগর পাড়ি দিয়ে ৪২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। নবায়নযোগ্য জ্বালানী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই বিমানটির বিশ্বভ্রমণ। একটি গাড়ির চেয়ে কিছুটা ভারী এই বিমানটি ১৭ হাজার সোলার সেল দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। গড়ে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে উড়েছে বিমানটি। বিশ্বভ্রমণের দীর্ঘ পথ পাড়ি দিতে ভূপৃষ্ঠ থেকে বেশ উঁচু দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটকে শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন ট্যাংক ব্যবহার করতে হয়েছে।
বিমানটি পরিচালনা করেন সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড (৫৮) ও আন্দ্রে বোর্শবার্গ (৬৩)। শেষ ধাপে বিমানটি উড়িয়ে আবুধাবির আল-বাতেন এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করার দায়িত্ব পড়ে পিকার্ডের ওপর। এই বিমানবন্দর থেকেই ২০১৫ সালের ৯ মার্চ সোলার ইমপালস বিশ্বভ্রমণ শুরু করেছিল। কায়রো থেকে রবিবার উড্ডয়নের পর সোলার ইমপালস-২ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে সৌদি মরুভূমি পাড়ি দেয়। কায়রো পৌঁছানোর আগে বিমানটি এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর আফ্রিকা পাড়ি দিয়েছিল। -বিবিসি
