রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের হুমকিদাতা অভিযোগে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার আদালতে তাদের হাজির করে ১২ দিনের রিমান্ড আবেদন করলে রাজশাহী মহানগর মূখ্য হাকিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর কাওসার (২০), তার প্রতিবেশী খলিলুর রহমান (২৪) এবং মাদারীপুরের সাইফুল ইসলাম (২৮)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ১২ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।’
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হুমকিদাতা সন্দেহে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আটকের পর ২০ জুলাই তাদের রাজশাহীর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
উল্লেখ্য, গত দেড় বছরে ‘পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি’, ‘চরমপন্থি গ্রুপের নেতা’, ‘সর্বহারা পার্টি’, ‘লাল বাহিনী’ সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে অথবা বেনামে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষককে বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হয়। এসব ঘটনায় বিভিন্ন সময় হুমকিপ্রাপ্ত শিক্ষকরা থানায় জিডি ও মামলা করেছেন।
