প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে মনোনীত করল ডেমোক্রেট দল

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ০৮:৪৭
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য হিলারি ক্লিনটনকে মনোনয়ন দিল ডেমোক্রেটিক দল। এখন রিপাবলিকান দলের অফিসিয়াল প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
 
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ওয়েলস ফার্গো সেন্টারে সোমবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে এই মনোনয়ন দেয়া হয়।
 
এর আগে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে হিলারি ক্লিনটনের প্রতি জোরালো সমর্থন জানান। তিনি বলেন, হিলারি ক্লিনটনের পাশে থাকতে পেরে তিনি গর্বিত। সম্মলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য হিলারিই একমাত্র যোগ্য প্রার্থী।
 
এরফলে যুক্তরাষ্ট্রে ২২৭ বছরের ইতিহাসে বড় কোন দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হলেন হিলারি ক্লিনটন। এর মধ্যে বড় দল থেকে কোনো নারী প্রেসিডেন্ট পদে লড়াই করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই প্রথম নারী যিনি এবার প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন।
 
চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানান হিলারি। মঙ্গলবার তার এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামও। সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন হিলারি ক্লিনটন। বিবিসি।