কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সাতজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাইফুল ইসলাম শান্ত (৩৫) ঢাকার সাভারের কাতলাপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদপুর এলাকায় চট্টগাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহাসড়কের ডিভাইডারে উঠে যায়। এ সময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ওই কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালকের পাশে বসে থাকা হেলপার সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় যাত্রীবাহী বাসটির সাত যাত্রী আহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
