শেরপুরে ইজিবাইকের চাপায় স্কুলগামী শিশু নিহত

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:২৫
শেরপুরের নবীনগর এলাকায় রাস্তার পাশে উল্টে পড়া একটি ইজিবাইকের চাপায় এক স্কুলগামী শিশু নিহত হয়েছে।
 
বুধবার সকালে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. আওয়াল মিয়া নবীনগর এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। সে ওই বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
 
শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি শেরপুর-ময়মনসিংহ সড়কের দক্ষিণ পাশ ধরে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক উল্টে তার উপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।