ডেন্টাল সোসাইটির উদ্যোগে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উদযাপিত

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:৩৩

 ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনসাধারণকে তাদের মুখগহ্বরের সঠিক যত্নে উদ্বুদ্ধ করে শারীরিক সুস্থতাকে নিশ্চিত করাই এই আয়োজনের লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে মুখ ও দাঁতের সঠিক পরিচর্যায় দেশের সকল ডেন্টাল সার্জনকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি পেশার মানোন্নয়নে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান। অধ্যাপক ডা. আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। বক্তাগণ দেশের চিকিত্সকদের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প-২০২১’ এবং ‘রূপকল্প-২০৪১’ কে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। -প্রেসবিজ্ঞপ্তি