কল্যাণপুরের হতাহতদের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১১:১১
 
রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নয় জঙ্গি নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মিরপুর থানায় দায়ের করা এই মামলায় বাদী হয়েছেন মিরপুর থানার পরিদর্শক (অপারেশন) শাহজালাল আলম।
 
মিরপুর থানায় কর্তব্যরত কর্মকর্তা এসআই আকলিমা খাতুন জানান, মামলায় সন্ত্রাসাবিরোধী আইন ২০০৯, সংশোধনী ২০১৩ এর ৬/২, ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় নিহত নয় জঙ্গি ও আটক আরেক জঙ্গি হাসানসহ ১০ জনকে আসামি করা হয়েছে। 
 
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে মিরপুর থানার পরিদদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। 
 
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, মামলাটি মিরপুর থানায় থাকলেও এটির মূল তদন্তের কাজ করবে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট।
 
এরই মধ্যে এই মামালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাসানকে পুলিশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে। 
 
এর আগে মঙ্গলবার ভোরে কল্যাণপুরে ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিলে জঙ্গিবিরোধী অভিযানে নয় জঙ্গি নিহত হয়। এসময় একজনকে আহত অবস্থায় আটক করা হয়।