কালাইয়ে স্বেচ্ছা শ্রমে সড়ক সংস্কার

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১২:০৪
জয়পুরহাটের কালাই উপজেলার কাজীপাড়া গ্রামের ১০ জন যুবক স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কালাই ও ক্ষেতলাল উপজেলার পাঁচ কিলোমিটার সংযোগ সড়কটির সংস্কারকাজে হাত দিয়েছেন। তারা নিজ পরিশ্রমে সড়কটির বড় বড় গর্ত মাটি, খোয়া  ও বালি দিয়ে ভরাট করছেন। যাতে মানুষ ওই রাস্তা দিয়ে কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারে।
 
জানা গেছে, জয়পুরহাটের ওই দুই উপজেলার খানাখন্দ ভরা ঝুঁকিপূর্ণ এ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়ছে। এ রাস্তা দিয়ে দুইটি উপজেলার কয়েক হাজার মানুষ চলাচল করে। প্রতিনিয়ত যানবাহনও পথচারীরা কোনো না কোন দুর্ঘটনার শিকার হচ্ছে।
 
স্বেচ্ছাশ্রমিক সুজাউল ইসলাম জানান, এই সড়ক দিয়ে রাতে যাতায়াতের সময় অনেক পথচারী গর্তে পড়ে আহত হয়েছেন। তাই মানবতার সেবায় তিনি এলাকার বেশ কয়েকজনকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি সংস্কার করছেন।