গ্রিসে সরকারি স্কুলগুলোতে কয়েক হাজার শরণার্থী শিশুকে পাঠদানের জন্য চলতি বছরের শরৎ মৌসুমে অতিরিক্ত কয়েকশ’ শিক্ষক নিয়োগ দেয়া হবে। দেশটির প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বুধবার একথা জানান।
তিনি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, 'সেপ্টেম্বর মাসের শুরু থেকেই সকল শরণার্থী শিশুকে সরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।' তিনি আরো বলেন, নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের চাহিদা পূরণে প্রায় ৮০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে।
কর্তৃপক্ষ কতজন শরণার্থী শিশু স্কুলে ভর্তি হবে তার সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তবে ৫৭ হাজার মানুষ গ্রিসে আটকা পড়েছে। এদের অধিকাংশই সিরিয়ার নাগরিক। আটকাপড়াদের প্রায় এক তৃতীয়াংশই শিশু।
বুধবার শিক্ষামন্ত্রী নিকোস ফিলিসের সঙ্গে এক বৈঠকে অ্যাথেন্সের মেয়র ইয়োরগোস কামিনিস জানান, ২২ হাজার শরণার্থী শিশু রয়েছে। ফিলিস বলেন, কয়েক হাজার শরণার্থী শিশুকে স্কুলে ভর্তির জন্য প্রস্তুত করাই তার দায়িত্ব।
তিনি আরো বলেন, এই শিশুদেরকে গ্রিক ভাষা শেখনো হবে। এ ছাড়াও তাদের পছন্দ মতো আরো একটি ভাষায় তারা শিক্ষা গ্রহণ করতে পারবে।
অপর এক সরকারি সূত্র জানান, কারিকুলামে গণিতও থাকবে। বাসস।
